জাতিসংঘ সদর দপ্তরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা করছেন লানা নুসায়বেহ। ২২ নভেম্বর ২০২৩, নিউইয়র্কছবি: এএফপি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসায়বেহকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সমর্থন জানানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে যুক্তরাজ্য। মিডল ইস্ট আই এই তথ্য জানতে পেরেছে।
সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও নুসায়বেহর প্রার্থিতা সামনে এসেছে। আরব আমিরাতের বিরুদ্ধে আধা সামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’কে (আরএসএফ) সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে
জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এই বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডগুলোতে ‘গণহত্যার সুস্পষ্ট লক্ষণ’ রয়েছে। তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও নুসায়বেহর প্রার্থিতা সমালোচনার মুখে পড়েছে।
যুক্তরাজ্য সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য মহাসচিব পদে নুসায়বেহর প্রার্থিতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছে। অবশ্য এখনো দেশটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, ‘যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হলো এমন এক প্রার্থী খুঁজে বের করা, যিনি আমাদের বৈশ্বিক সংকটগুলো মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত।’
ওই মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে আমরা প্রার্থীদের যোগ্যতার ওপর নজর দিচ্ছি। আমরা কোনো নির্দিষ্ট প্রার্থীর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করব না।’
ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবকে ঘিরে সৃষ্ট বড় বিতর্কের পর যুক্তরাজ্যের নুসায়বেহকে সমর্থন জানানোকে আবুধাবির সঙ্গে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সম্পর্ক সুসংহত করার একটি চেষ্টা হিসেবে দেখা হতে পারে।
ম্যানচেস্টার সিটি ক্লাবের মালিক আরব আমিরাতের রাজপরিবারের সদস্য ও ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল–নাহিয়ান।
বিগত মাসে এক তদন্তে উঠে এসেছে, ক্লাবটি ৮ কোটি ৩০ লাখ পাউন্ডের (১১ কোটি ডলার) বেশি অবৈধ অর্থায়নের তথ্য গোপন করে প্রিমিয়ার লিগের ১১৪টি আর্থিক নিয়ম ভঙ্গ করেছে।
