সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছেছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার পরিবারটির পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
দুলাল মিয়া ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার সাক্ষী। তাঁর বাবা মামুদ মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তাঁর বোন জমিলা খাতুনও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি পেয়েছেন।
দুলাল মিয়ার অভিযোগ, নিজের দোকানে চুরি হলে পুলিশকে জানানোর পর তদন্ত করার জন্য গ্রামে পুলিশ আসে। এতে গ্রামের অনেকে ক্ষুব্ধ হন। এ ছাড়া যুদ্ধাপরাধ মামলার সাক্ষী হওয়ায় আসামি ও তাঁদের স্বজনেরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকে তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
তবে অভিযুক্ত ব্যক্তি ও স্থানীয় লোকজনের দাবি, দুলাল মিয়ার ছেলেসহ তাঁর পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের মামলায় তাঁরা কারাগারেও গেছেন। মাদকের কারণে অতিষ্ঠ হয়েই এলাকার লোকজন এই হামলা করেন।
ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল মিয়ার মেয়ে উজালা আক্তার ও তাঁর স্বামী হেলাল মিয়া তাঁদের সঙ্গে বসবাস করেন। জামাতা–শ্বশুর মিলে বাড়ির সামনে একটি দোকান চালান। গত ২৩ অক্টোবর ওই দোকানে চুরি হয়। এরপর বিষয়টি পুলিশকে জানালে ২৯ অক্টোবর ঘটনা তদন্ত করতে আসে পুলিশ। তারা চলে যাওয়ার পর গ্রামে কেন পুলিশ এল—এ নিয়ে অনেকে ক্ষুব্ধ হন।
দুলাল মিয়া অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে দৌলতপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়া, আবদুল হেকিম ও তাঁদের পরিবারের সদস্যসহ অনেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেন। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়। ঘরের আসবাব, টেলিভিশন ও রেফ্রিজারেটর ভাঙচুর করা হয়। ছয়টি গরু, স্বর্ণালংকার, টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়।
Tags
অপরাধ
