ছবি সংগৃহীত
পলাতক ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি শুনেছেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন। তবে আবেদনের সত্যতা যাচাই এবং এর আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন তিনি। একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করার খবর সামনে এল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
Tags
দেশ
